২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পণ্য জব্দ

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 11:11 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

যশোরের বেনাপোলে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শীতবস্ত্র, কসমেটিক্স ও হোমিও ওষুধ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বুধবার বিকালে আমড়াখালী চেকপোস্ট, কাস্টমস হাউজ এলাকা, নামাজগ্রাম ও আমড়াখালী জেলেপাড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা বলে জানায় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ জানান, গোপন খবর পেয়ে আমড়াখালী চেকপোস্টের বিশেষ অভিযানিক দল জেলেপাড়া পাঁকা রাস্তায় একটি গাড়ি তল্লাশি করে প্রায় এক লাখ ১৮ হাজার ৭০০ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করে।

পরে অভিযানিক দলটি গয়ড়া পাকা রাস্তায় একটি গাড়ি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক লাখ ৬৬ হাজার ১৫০ টাকা ভারতীয় চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্সসামগ্রী জব্দ করে বলে জানান তিনি।

এ ছাড়া বেনাপোল বিওপির একটি বিশেষ অভিযানিক দল বেনাপোল কাস্টমস হাউজের পাশে প্রধান সড়কের উপর থেকে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৬৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্সসামগ্রী জব্দ করে।

পরে একই দলটি নামাজ গ্রামের রাস্তা থেকে মালিকবিহীন অবস্থায় এক লাখ ৫৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী করে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্।

তিনি বলেন, আমড়াখালী চেকপোস্টের বিশেষ অভিযানিক দল জেলেপাড়া পাঁকা রাস্তার উপর গাড়ি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক লাখ ৯৫ হাজার ১৫০ টাকার ভারতীয় বিভিন্ন কসমেটিক্সসামগ্রী জব্দ করে।

এ ছাড়া আইসিপির বিশেষ অভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৮/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ লাখ ৯৭ হাজার ৯০০ টাকার বিভিন্ন ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্।

জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।