২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নয় মামলায় বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদী হয়ে একটি মামলা করেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 12:36 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

বরিশাল মহানগরসহ জেলায় তিন দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের স্টাফ অফিসার সহকারী কমিশনার প্রনয় রায় জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর পুলিশের চার থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করেছে।

এ ছাড়াও মঙ্গলবার রাতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজীব বাদী হয়ে একটি মামলা করেন বলে জানান তিনি। 

সহকারী কমিশনার প্রনয় বলেন, এ ছয়টি মামলায় নামধারী ৩৫ জন এবং অজ্ঞাতনামা তিন হাজার তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বুধবার বিকাল পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার ১০ থানা এলাকা থেকে গত  তিন দিনে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাকেরগঞ্জ, বানারীপাড়া ও হিজলা থানায় তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তিনটি মামলায় ২১ জন নামধারী ও ১৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান এই পুলিশ সুপার।