Published : 31 Jul 2026, 10:07 PM
বিএনপির ক্ষতি মনে করে বিরোধী দল নিজেদের গর্ত তৈরি করছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করছেন, সেটা পারবেন না বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন। কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না।
“আপনারা মনে করছেন, বিএনপির আপনার ক্ষতি করছেন, কিন্তু আপনারা নিজেরা নিজেদের গর্ত তৈরি করছেন; এটা টের পাচ্ছেন না। যদি পরাজিত শক্তির উথান হয় কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না, নিরাপদ থাকতে পারবেন না।”
শুক্রবার সন্ধ্যায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নজরুল শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, “মানুষ কখনও দুমুখো সাপকে পছন্দ করে না। আপনি ৫ অগাস্টের পর বললেন, আওয়ামী লীগকে মাফ করে দিব এবং পার্শ্ববর্তী একটি দেশের সাথে সম্পর্ক করব।
“৫ অগাস্টের পরে যে সংস্কৃতি তৈরি করেছেন, তার খেসারত কিন্তু আপনাদেরই দিতে হবে। আর ছোট বাচ্চাদের উস্কানি দিয়েন না। তারা বিভিন্ন এলাকায় গিয়ে অশ্রাব্য, কুশ্রাব্য কথা বলছেন। বিরোধী দলের তীক্ষ্ণ-তীব্র সমালোচনা করবেন। কিন্তু ব্যক্তিগত নোংরা আচরণ করবেন কেন?
“এটা শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর করেছেন। এটা সমাজে ঘৃণা তৈরি করে। মিথ্যা অপপ্রচার করেছেন। যারা পরিকল্পিত, কৃত্রিমভাবে সংঘাত সৃষ্টির জমিন সৃষ্টি করছেন, এটা তাদের জন্যও মঙ্গলজনক হবে না।”
নিজ দলের অবস্থানের কথা তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব বলছেন, “আধিপত্যবাদের কাছে মাথা নত করিনি বলে আমাদের জিততে দেওয়া হয়নি। আপনারা কবে জেতার মত একটি দল ছিলেন, বলুন। বিএনপির সঙ্গে জোট করলে পান ১৮টা আর জোট না করলে পান তিনটা।”
নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে রিজভী বলেন, “গত তিন, চার মাসে চালের দাম এক টাকাও বৃদ্ধি পায়নি। পেঁয়াজ, রসুন, আদার দামও এক টাকা বৃদ্ধি পায়নি। বিরোধী দলের এসব কি চোখে পড়ে না। কি দেয়নি তারেক রহমানের সরকার।
“এখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কাউকে গুম হওয়ার কথা শুনি না, বিচার বহির্ভূত হত্যার কথা শুনি না, শেয়ার বাজার লুট হওয়ার কথা শুনি না, এখনতো টাকা পাচার হওয়ার কথা শুনি না। মানুষতো এই শান্তিতেই থাকতে চায়।”
নজরুলের স্মৃতিচারণ করে তিনি বলেন, সমাজে যতদিন অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন থাকবে ততদিন নজরুল জীবিত থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে নজরুলের সাহিত্য ও গান সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল।
অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বক্তব্য দেন।