ব্যালেটে সিল মেরে ছবি পোস্ট করা পঞ্চগড়ের সেই চেয়ারম্যান গ্রেপ্তার
হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে মোবাইল ফোনে ছবি তুলে ফেইসবুকে পোস্ট দিয়ে আলোচনায় আসা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলা ও ভাঙচুরের মামলায় শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম।
এর আগে শুক্রবার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৩৭) উপজেলার শালবাহান ইউনিয়ন যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানায়, রাত ২টার দিকে পুলিশের একটি টহল দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে। পরে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারের এক ব্যবসায়ীর করা হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।
যুবলীগ নেতা আশরাফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি রাশেদুল ইসলাম।
