২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈষম্যবিরোধীরা সরকার পতন নয়, কোটাবিরোধী আন্দোলন করেছিল’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 06:03 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটাবিরোধী আন্দোলন করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

তিনি আরও বলেন, “তারা (বৈষম্যবিরোধীরা) ৩ অগাস্ট একদফার আন্দোলনে গিয়েছিল। কিন্তু বিএনপি অনেক আগেই সরকার পতনের এক দফা আন্দোলনে গিয়েছিল।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তারেক রহমানকে সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করে খোকন বলেন, “তাকে (তারেক রহমান) নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন, ‘টেক-ব্যাক বাংলাদেশ’।”

শেখ পরিবারের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “শেখ পরিবারের যারা যেখানেই গেছেন, সেখানেই ক্যান্সারের মত দুর্নীতি ছড়িয়েছেন। টিউলিপ, যার রক্তেই দুর্নীতি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

“এ ছাড়া পুতুলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত হচ্ছে। উন্নয়নের বিষয়ে তারা লুটপাট করেছে। জয়, নিক্সনসহ শেখ পরিবারের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হচ্ছে।”

নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ এবং চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।