১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাটোরে সড়ক অবরোধ

বিক্ষোভের কারণে শহরের মূল সড়ক মাদ্রাসা মোড় থেকে স্টেশন বাজারে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। সড়কে বিক্ষোভের কারণে শহরের মূল সড়ক মাদ্রাসা মোড় থেকে স্টেশন বাজারে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

সোমবার বেলা ১২টা থেকে আলাইপুর হাফরাস্তা এলাকায় ‘মার্চ টু নেসকো’ এবং বিক্ষোভ শুরু করলেও বিকালে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বলে জানান নাটোর সদর থানার ওসি, মো. মাহাবুর রহমান। 

আর দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সাবেক নেতা শিশির আহমেদ। 

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা দুপুর থেকেই নেসকোর প্রিপেইড মিটারের কারণে নাটোরবাসীর দুর্ভোগ ও ভোগান্তির কথা জানাতে থাকেন। স্লোগানে স্লোগানে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান তারা। 

শহরের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, “নেসকোর অতিরিক্ত বিল, অনিয়ম, প্রিপেইড মিটারের ভোগান্তি ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা সড়ক ছাড়ব না।” 

এদিকে, ছাত্র-জনতার বিক্ষোভের কারণে নাটোর শহরের মূল সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চলাচলকারীরা। শুধু জরুরি সেবা অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যান চলাচল করতে না দেওয়ায় ক্ষোভ জানান অনেকে। 

নাটোর স্টেশনে ঢাকা থেকে আসা বোনকে আনতে যাওয়া মমিনুল ইসলাম বলেন, “আমার এমনিতেই দেরি হয়ে গেছে। এদিক দিয়ে যেতে না পারলে আপুকে আমি রিসিভই করতে পারব না। এখন হরিশপুর বাইপাস, না হয় তেবাড়িয়া দিয়ে ঘুরে যেতে হবে।” 

তবে, ভিন্ন চিত্রও দেখা গেছে। অনেক পথচারী ঘুরে গেলেও প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ চালিয়ে যেতে বলেছেন। 

নাটোরের বাসিন্দা সোলাইমান আহমেদ বলেন, “রাস্তা বন্ধ থাকলে ঘুরে যেতে কষ্ট হবে। কিন্ত এই প্রিপেইড মিটারের কারণে আমাদের আরও বেশি ভোগান্তি হচ্ছে।” 

এ ব্যাপারে জানতে নাটোরের নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগরওয়ালাকে মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। 

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে ফোন দিলে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান বলেন, “স্যার বিষয়টি অবগত আছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন।” 

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।”