Published : 27 Mar 2026, 03:37 PM
খুলনার দিঘলিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে সংঘবদ্ধ ছিনতাইয়ের সময় দলের সদস্যের লক্ষ্যভ্রষ্ট গুলিতে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাটে স্টিমারঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খুলনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র।
নিহত সাগর (৩০) দিঘলিয়ার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা। মৃত্যুর আগে তিনি তার সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) দেয়াড়া গ্রামের জাবেদ আলী শেখের ছেলে। গুলি না লাগলেও ছিনতাইকারীদের হাতে আহত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অতিরিক্ত পুলিশ সুপার শুভ্র বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাহিদুল ইসলামের পথ রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা।
এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারী দলের সদস্যরা গুলি ছোড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাই দলের সদস্য সাগরের শরীরে বিদ্ধ হয়।
শুভ্র আরও বলেন, গুরুতর আহত সাগরকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা শুভ্র আরও বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।