চাতালে খেলতে নিষেধ করায় যুবককে পিটিয়ে হত্যা
পুলিশ বলছে, এ ঘটনায় নিহতের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান।
মৃত হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৪) শেরপুর পৌর শহরের দিঘারপাড় এলাকার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে।
তিনি বাবার চালকলের ব্যবসা সামলাতেন।
নিহতের স্বজনদের বরাতে ওসি জুবায়দুল আলম বলেন, “লেমনদের মালিকানাধীন ধানের চাতালে শুক্রবার বিকালে কয়েকজন যুবক ক্রিকেট খেলতে যায়। এ সময় লেমন তাদের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করলে স্থানীয় ফজু মিয়া, তার তিন ছেলে নাজমুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মনির ও মো. লিখনসহ কয়েকজন তাকে ক্রিকেট ব্যাট, লাঠি ও দাসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।
“পরে স্থানীয়রা লেমনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠায়।”
শেরপুর সদর থানার এসআই আনসার আলী বলেন, এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
