২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

“উব্ধাখালি নদীর পানি বাড়তাছে। এইভাবে বাড়লে এলাকার নিচু অঞ্চলে পানি ঢুইক্যা পড়ব।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 03:00 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোণার নদ-নদীর পানি বেড়ে চলেছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত সবকয়টি নদীর পানিই বিপৎসীমা ছুঁই ছুঁই করছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান।

পাউবো জানিয়েছে, জেলার প্রধান চারটি নদ-নদীর মধ্যে উব্ধাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ‘সবচেয়ে বেশি’।

সারোয়ার জাহান বলেন, জেলার সোমেশ্বরী, কংশ, ধনু ও উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এর মধ্যে উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে।

এতে করে নদীর দুই তীর ছাপিয়ে পানি লোকালয়ে ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান তিনি।  

পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪৮ মিটার এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

এছাড়া সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২ দশমিক ৯০ মিটার, বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৬ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে বইছে বলে জানান।

কলমাকান্দা সদরের বাসিন্দা আজিম উদ্দিন বলেন, “কয়েকদিন ধইরাই ভারি বৃষ্টি হইতাছে।উজানের ঢলের পানিও আইতাছে। সব মিলায়া উব্ধাখালি নদীর পানি সময় যতই যাইতাছে ততই বাড়তাছে।

“অহন একেবারে কিনারে আইয়া পড়ছে। এইভাবে বাড়লে এলাকার নিচু অঞ্চলে পানি ঢুইক্যা পড়ব।”

একই কথা জানালেন সদর উপজেলার মোজাম্মেল হক।  

তিনি বলেন, “পানি বাড়ার গতিতো ভালা ঠেকতাছে না। আরেকটু হলেই নিচু এলাকায় পানি ঢুইক্যা পড়বো।”