২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড

পুলিশ বলছে, চরমোনাই পীরের মাহফিল থেকে ফেরার পথে লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 08:50 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক।

পুলিশ জানায়, চরমোনাই পীরের মাহফিল শেষে ভক্তদের নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি সাব্বির-৩’ নামের লঞ্চটি। কালিগঞ্জ লঞ্চ ঘাট এলাকা অতিক্রমের সময় লঞ্চটি বাল্কহেডটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। স্থানীয় জেলেরা বাল্কহেডের চার কর্মচারীকে উদ্ধার করেছেন। 

বাল্কহেডের মালিক মো. মামুন বলেন, এটি যমুনা নদী থেকে বালু নিয়ে বরিশাল নগরের কালিজিরা এলাকায় যাচ্ছিল। এ ঘটনায় মামলা হবে।