সুনামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে।
উপজেলার বেহেলি সড়কে রাজাপুর সেতুর কাছে রোববার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে বলে জামালগঞ্জ থানার ওসি স ম কামাল হোসেন জানান।
নিহতরা হলেন-বেহেলি আলীপুর গ্রামের সুকুর মামুদের ছেলে আশিক নূর (৪৫) ও বাঘানি গ্রামের জামাল মিয়ার ছেলে সোলেমান মিয়া।
ওসি কামাল বলেন, “আশিক ও সোলেমান বেহেলি থেকে মোটরসাইকেলে করে সাচনা বাজার যাচ্ছিলেন৷ পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হন।
“পরে তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহতদের লাশ স্বজনরা প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিয়ে গেছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
