১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে চার্জার নিয়ে বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 02:09 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

গোপালগঞ্জের সদর উপজেলায় বাকবিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পাথালিয়া দোলা পেট্রোল পাম্প সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানিয়েছেন।  

নিহত ২১ বছর বয়সী আলামিন মোল্লা সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। তিনি ওই চায়ের দোকানে কাজ করতেন। 

এ ঘটনায় ১৯ বছর বয়সী আল রাফি শেখ নামের এক যুবককে আটক করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, আল রাফি শেখ তার মোবাইল ফোন চার্জ করার জন্য আলামিনের কাছে চার্জার চাইতে যায়। তখন আলামিন চার্জার দেবে না বলে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

এ সময় রাফি ক্ষিপ্ত হয়ে তার দোকান থেকে ছুরি এনে আলামিনের বুকে কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে আলামিনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।