২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনে নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

এবারের জাতীয় সংসদ নির্বাচনে অন্য বাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী সদস্যদের সঙ্গে এবাবের নির্বাচনে নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন। একই সঙ্গে নির্বাচনে আনসার সদস্যদের সংখ্যা বাড়ানো হবে। প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে নিরাপত্তার জন্য একজন করে আনসার সদস্য দেওয়া হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার।”    

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।” 

গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তিনি জাতীয় পর্যায়ের নেতা। তার উপর হামলা দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোতে শিক্ষকরা খুবই যোগ্য, তাদের সমস্যাগুলো ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আর আমাদেরও ধৈর্য্য ধরতে হবে।” 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “৫ অগাস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সরকার। এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে।”

অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জনগণই মুখ্য ভূমিকা পালন করবে। একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য।”

পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কার বিষয়ে তিনি বলেন, “বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া ও পদায়ন আগের চেয়ে অনেক স্বচ্ছ হয়েছে। তাই সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।” 

সভায় উপস্থিত কর্মকর্তারা সিলেটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন মতামত দেন। উপদেষ্টা সব চ্যালেঞ্জ মোকাবিলায় যৌক্তিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 

এর আগে উপদেষ্টা সিলেটের বিজিবি সেক্টর হেডকোয়ার্টার্স এবং পুলিশ লাইন পরিদর্শন করেন।