‘ভারতে অনুপ্রবেশের চেষ্টা’, হবিগঞ্জ সীমান্তে নারীসহ আটক ৮
আটকরা চিকিৎসা ও কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন বলে বিজিবির ভাষ্য।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে নারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে আলাদা অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর ও সন্তোষপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০), স্বপন সরকার (৪৫), বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মোহাম্মদ আলী (৬০), চট্টগ্রামের সন্দ্বীপ থানার সারিকাইত গ্রামের বেচন দাস (২৬), একই গ্রামের মনপুরী দাস (২০) এবং মঙ্গল দাস (১৯)।
আটকরা মোহাম্মদ আলীর সহযোগিতায় চিকিৎসা ও কাজের সন্ধানে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন বলে জানান ধর্মঘর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আ. রউফ।
লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ জানান, ভোররাতে বিজিবি টহলদলের সদস্যরা ওই আটজনকে আটক করেন। পরে সকালে তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
