২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর পথে মালয়েশিয়ায় পাচারকালে ১৫৩ জন উদ্ধার, ১৫ ‘দালাল’ আটক

কোস্ট গার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেন্ট মার্টিন সংলগ্ন সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 08:38 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার গভীর সাগরে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ট্রলারে থাকা নারী-শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ১৫ ‘মানব পাচারকারীকে’ আটক করা হয়েছে।

রোববার বিকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ নিয়ে সমুদ্রে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে পালানোর চেষ্টা করেন জড়িত ব্যক্তিরা। পরে ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। 

এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।