২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লরির চাপায় ২ বাইক আরোহীর মৃত্যু, মানিব্যাগ দেখে পরিচয়

তানভীর ও জাহিদ মোটরসাইকেলে করে ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে একটি লরি তাদের চাপা দেয় বলে জানান স্বজনরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 08:31 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় লরির চাপায় মোটরসাইকেল আরোহী চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন। মানিব্যাগে পাওয়া আইডিকার্ড থেকে যাদের পরিচয় শনাক্ত করেছেন পথচারীরা।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পাখির মোড় এলাকায় এ ঘটনা ঘটে কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেন রনি (২৩) এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু (২৩)। তারা সম্পর্কে খালাতো ভাই।

তানভীরের বাবা দেলোয়ার হোসেন জানান, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি ঢাকায় বসবাস করেন। বড় ছেলে তানভীর ঢাকা কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। আর তার খালাতো ভাই জাহিদ চাঁদপুর সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে তানভীর ও জাহিদ মোটরসাইকেলে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায় যাওয়ার পথে সেতুতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। 

গুরুতর অবস্থায় অন্য মোটরসাইকেল আরোহী ও পথচারীরা তাদের উদ্ধার করে পিকআপে করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জাহিদও মারা যান।

দেলোয়ার হোসেন বলেন, “তানভীরের মানিব্যাগে পাওয়া পরিচয়পত্র থেকে উদ্ধারকারীরা আমাকে ফোন করে দুর্ঘটনার বিষয়টি জানান। রাতেই গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের গ্রহণ করি। পরে উদ্ধারকারীদের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারি।”

শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুই ভাইয়ের লাশ পৌঁছলে আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা খালাতো ভাই হলেও চলাফেরা করতেন বন্ধুর মতো।

কচুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় কচুয়ার দুই শিক্ষার্থী নিহতের খবর পেয়েছি। শুক্রবার দুপুরে তাদের দাফন করা হয়েছে।”