আচরণবিধি লঙ্ঘন: গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি জানান।
গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
বুধবার রাতে এ জরিমানা করা হয়েছে বলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাকিয়া সরওয়ার লিমা জানান।
রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, দুপুরে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গালহাওলা এলাকায় ‘আশার আলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ এর স্থানীয় কার্যালয়ে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া সভা করেন।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাকিয়া সরওয়ার লিমা ঘটনাস্থলে যান। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময়, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’- এর ২৭ (ক) বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহাম্মদ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
