২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ প্রকাশের জেরে গোপালগঞ্জে সাংবাদিকের উপর হামলা

এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক মিজানুর।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

সংবাদ প্রকাশের জেরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এরপর থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক মিজানুর। 

কোটালীপাড়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছি।”

অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাঁড়িয়াসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তিনি কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের বাসিন্দা। 

আহত মিজানুর রহমান কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ ঘটনায় গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলার সংবাদ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১০ অগাস্ট কালের কণ্ঠ অনলাইনে বাহাউদ্দিন দাঁড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগের একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করেন মো. বাহাউদ্দিন দাঁড়িয়াসহ কয়েকজন। 

পরে তারা সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। এ ছাড়া তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। এ সময় হামলাকারীরা মিজানুরের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে জানতে বাহাউদ্দিনের মোবাইলে ফোন দিলে তার স্ত্রী ফারজানা সেটি ধরেন। তিনি বলেন, তার স্বামী বাসায় নেই। সাংবাদিকের উপর হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে তিনি কিছু শোনেননি।