২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু: ১২ হলে শিবিরের জাহিদ, ‘আধিপত্যবিরোধী’ আম্মার এগিয়ে

এজিএস পদে ছাত্রশিবিরের এস এম সালমান সাব্বির ছাত্রদলের জাহিন বিশ্বাস এষার চাইতে এগিয়ে আছেন।

রাকসু: ১২ হলে শিবিরের জাহিদ, ‘আধিপত্যবিরোধী’ আম্মার এগিয়ে
রাকসুর ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ (বায়ে) এবং জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বিডিনিউজ২৪

পাভেল রহমান. আরিফুজ্জামান কোরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 04:07 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১২টি হলের ফলাফলে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের মুস্তাকুর রহমান জাহিদ এবং জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে রয়েছেন। এ দুই পদে ছাত্রদলের প্রার্থীরা অনেক পিছিয়ে।

বৃহস্পতিবার ভোট শেষে রাত সাড়ে ৮টায় ফল গণনা শুরু হওয়ার পর রাত সাড়ে ৫টা পর্যন্ত এসব হলের ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হলে মোট ৮ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের ভোট ২ হাজার ২২৩।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৭ হাজার ৪৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ভোট ৩ হাজার ৯৬৩।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম সালমান সাব্বির ভোট পেয়েছেন ৪ হাজার ৫৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ৬৯৭। 

এরই মধ্যে মুন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেছা, জুলাই ৩৬, শের-ই বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, হবিবুর রহমান, শামসুজ্জোহা হলে - এই ১২ হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এগুলোর মধ্যে মেয়েদের ছয়টি এবং ছেলেদের ছয়টি হল রয়েছে। আরও পাঁচ হলের ফল ঘোষণা বাকি আছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসব হলের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি এসব হল সংসদের নির্বাচিতদের নামও ঘোষণা করেন। 

রাত সাড়ে ১০টা থেকে রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের ফল ঘোষণা চলছে।

ফলাফল ঘোষণার সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ খান এবং রাকসু কোষধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। 

বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।

ফলাফল ঘোষণা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের।