২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, কে এই এনসিপির ওয়াকী

ওয়াকি ২০০৮ সালে বিকল্প ধারার প্রার্থী হিসেবে ৬২৭ ভোট পেয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া-৬ আসনে তাদের প্রার্থী হিসেবে আব্দুল্লাহ-আল-ওয়াকীর নাম ঘোষণার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা, কারণ তাকে ভোটে লড়তে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বুধবার সারাদেশে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে বগুড়ার সাতটি আসনের মধ্যে কেবল বগুড়া-৬ বা সদর আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। 

এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ-আল-ওয়াকী ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক। তার বাড়ি বগুড়া শহরের সূত্রাপুরের ঠনঠনিয়া প্রথম লেইনে। 

৪৮ বছর বয়সী আব্দুল্লাহ-আল-ওয়াকী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ২০০৮ সালে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিকল্পধারার প্রার্থী হিসেবে কুলা প্রতীক নিয়ে নির্বাচন করে ৬২৭ ভোট পেয়েছিলেন।

মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ-আল-ওয়াকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা নিঃসন্দেহে আনন্দের খবর। এখন আমি প্রচারে আছি। বাংলাদেশের রাজনীতিতে বগুড়া, রংপুর, গোপালগঞ্জ ব্যতিক্রম। 

“তবে ৫ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে আমি তারেক রহমানের বিপক্ষেও ভোটে জিততে আশাবাদী, যদি বগুড়ার মানুষ পরিবর্তিত হাওয়ায় যোগ দেয়। বগুড়ায় এবার মানুষ মার্কা নয়, প্রার্থী দেখেই ভোট দেবে। আর এই হাওয়া সারাদেশে বইছে। আমি বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী।” 

তিনি বলেন, “আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছিলাম। আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী ও সদস্য। আমার দলীয় পদ-পদবী নেই।” 

জামায়াতে ইসলামী এ আসনে প্রার্থী করেছে দলের শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে।

বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, “বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে কে দাঁড়াল, কোন দল কাকে মনোনয়ন দিল- এটা আমরা ভাবি না, চিন্তাও করি না। দুটি আসনে এমনিতেই মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে বিশাল ব্যাবধানে বিজয়ী করবে। মাঠে আমরা তো আছিই। বিএনপির দুর্গ দুর্গই থাকবে; কখনও পরিবর্তন হবে না।”