মাইক বাজাতে নিষেধ করায় দুপক্ষের সংঘর্ষে আহত ২০, ঘরবাড়ি ভাঙচুর
ঝিনাইদহের শৈলকুপায় ২৫টি ঘর ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খতনার অনুষ্ঠানে মাইক বাজাতে নিষেধ করায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ২০ জন আহতের পাশাপাশি অন্তত ২৫টি ঘর ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান।
আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা গ্রামের ফজলুল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের নজির উদ্দিন ভল্টা এবং মুকুল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল।
শুক্রবার নজির উদ্দিনের সমর্থক কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছিল। এ নিয়ে মুকুলের সমর্থক ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাকিম মোল্লা মাইক বাজাতে নিষেধ করেন।
এতে আবুল কাশেম ক্ষিপ্ত হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সন্ধ্যায় দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ছাড়া আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মাসুম খান বলেন, শুক্রবারের ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ফের সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা আছে বলে জানান ওসি মাসুম খান।
