ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ট্রাস্ট ফান্ডের জন্য ৫ লাখ টাকা অনুদান
২০১৫ সালে ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়।
ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য অধ্যাপক রোকেয়া বেগম বিভাগের শিক্ষার্থীদের কল্যাণার্থে ট্রাস্ট ফান্ড খোলার জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবুল বাসারের কাছে সোমবার অধ্যাপক রোকেয়া বেগম টাকার চেক হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আসফাক আহমদ বলেন, অধ্যাপক রোকেয়া বেগম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি অবসরে যাওয়ার পর বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
তিনি জানান, ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৮০২ জন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার বলেন, সবশেষ রোকেয়া বেগমের টাকাটি নিয়ে সংগঠনের ২৯টি ট্রাস্ট ফান্ড হয়েছে। এতে কয়েক কোটি টাকা রয়েছে। মূলধন ঠিক রেখে মুনাফা থেকে যে অর্থ পাওয়া যায়, তা দিয়ে ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দেওয়া হয়। প্রতি মাসে ২০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। সবশেষ ৪৭ জনকে এ বৃত্তি পেয়েছেন।
এ ছাড়া বিভাগের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের চিকিৎসা খরচ, বৃক্ষ রোপণ এবং বছরে একবার সদস্যদের নিয়ে পুনর্মিলনী করা হয় বলে জানান অধ্যাপক আবুল বাসার।
