নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে হামের চিকিৎসা নিচ্ছে ১২০ জন। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ২০ শিশু।
হামের উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যু।
রোববার ভোর সোয়া ৪টার দিকে শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।
মারা যাওয়া মো. সামিত জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে। শনিবার হামের উপসর্গ নিয়ে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “শিশুটির অবস্থা বেশ জটিল ছিল। চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বললেও অর্থাভাবে অভিভাবকরা তা পারেননি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে এপ্রিল মাসের প্রথম থেকে এ পর্যন্ত ৯১৫ জনকে হামের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে হামের চিকিৎসা নিচ্ছে ১২০ জন। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ২০ শিশু।
তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “বেড এবং ওষুধের সংকটের মধ্যে হামের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। সংকটের কারণে রোগীর স্বজনদের বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
