কক্সবাজারের সবজি ক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
নিহতের শরীরে বিদ্যুতের শক ও চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সবজি ক্ষেতে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছির আরাফাত।
নিহতের বয়স ৪০ বছরের বেশি বলে তথ্য দিলেও নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতের পরনে কালো ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।
পুলিশ জানায়, নিহতের শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি সবজি ক্ষেতে ফেলা রাখে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ৯টার দিকে খোলা বিলে লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
চকরিয়া থানার এসআই ইমরুল হকের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এসআই ইমরুল হক বলেন, “ওই ব্যক্তিকে একদিন আগে হত্যা করা হয়েছে। নিহতের চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া হাতে বিদ্যুতের শক দেওয়া হয়েছে।”
অন্য কোথাও তাকে হত্যার পর লাশ খোলা বিলে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন তিনি।
পুলিশ পরিদর্শক ইয়াছির আরাফাত বলেন, নিহতের পরিচয় না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। পরে সিআইডির কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
