২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ক্লাস বর্জন করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

সমাবেশ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকে যান বিক্ষোভকারীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ক্লাস বর্জন করে ‘ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের’ প্রতিবাদে এবং বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগগুলোর শিক্ষার্থী।

রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

সমাবেশ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকে যান বিক্ষোভকারীরা। সেখানে গিয়ে পাঁচ মিনিটের জন্য সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রতীকী অবরোধ করেন তারা।

এদিকে চলমান বৈষম্যের প্রতিবাদে এদিন সবধরনের ক্লাস বর্জন করে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবে মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সমাবেশে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ারের সঞ্চালনায় তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তানভীর রহমান বলেন, “ডিপ্লোমা ডিগ্রিধারীরা হচ্ছে টেকনিকশিয়ান। কিন্তু ওরা আন্দোলন করে নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা যোগ করেছে। আমাদের দাবি হচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্যতা অর্জন ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা যোগ করতে পারবে না।”

“ডিপ্লোমা ডিগ্রিধারীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ৫০ শতাংশ কোটার মাধ্যমে সিট চায়। চব্বিশের অভ্যুত্থানের পরে আর কোনো কোটা গ্রহণযোগ হবে না। ডিপ্লোমা ডিগ্রিধারীরা এসএসসি সমমান সনদ নিয়ে নবম গ্রেডে চাকরি করে। আমাদের দাবি হচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া নবম গ্রেডে কাউকে চাকরি দেওয়া যাবে না। তারা যদি চাকরি করতে হয়, মেধার মাধ্যমে আসুক। স্নাতক সম্পূর্ণ করে তারা চাকরি করুক। তাতে আমাদের কোনো আপত্তি নেই।”

পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদ বলেন, “আমরা বিশ্বাসী মেধা যার, চাকরি তার। বিএসসি ইঞ্জিনিয়ার থেকে ডিপ্লোমা ডিগ্রিধারীরা মেধাবী হলে তাদেরকে স্বাগতম। কিন্তু পরীক্ষা না দিয়ে, মেধার পরিচয় না দিয়ে, মবের মাধ্যমে কোনো চাকরি গ্রহণযোগ্য হবে না। আপনারা মব সৃষ্টি করে দশম গ্রেডে এসেছেন। আন্দোলন করে আপনারা নামের আগে ইঞ্জিনিয়ার যোগ করেছেন। মেধাকে অবমূল্যায়ন করে কোটা ও মবের মাধ্যমে চাকরিতে নিয়োগ দিলে এ বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না।” 

এদিকে বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ‘৭১/২৪ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘কোটা না মেধা, মেধা, মেধা’; ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘কোটার নামে বৈষম্য, চলবে না, চলবে না’; ‘এই মুহূর্তে দরকার, কোটাপ্রথার সংস্কার’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে বৈষম্য নিরসনে আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-

১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে মেধাক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পুরণের জন্য উন্নত করতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।