২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পুকুরে মাছ ধরার সময় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন; তারা পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 05:08 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা নানা বাড়িতে আনন্দের জন্য বেড়াতে এসে ফিরল লাশ হয়ে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস।

নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্বজন আবু বক্কর সি‌দ্দিক বলেন, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। এক পর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। তবে সঙ্গে থাকা শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে ভয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়াম এবং পরে পানির নিচ থেকে মোফাসসিরার লাশ উদ্ধার করেন।

ওসি অর্পণ কুমার দাস বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। আসরের নামাজের পর পারিবারিকভাবে লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।