২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের এক বন্ধু।

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু
নিহত শুভ ও ইমন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 12:10 AM

Updated : 10 Sep 2026, 12:29 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক বন্ধু। এ ছাড়া আটক করা হয়েছে ট্রাক চালককে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আদমজী ইপিজেডের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।

নিহতরা হলেন- ভোলার চরফ্যাশনের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে মো. শুভ (২২) এবং শেরপুরের ঝিনাইগাতীর প্রয়াত পারভেজের ছেলে মো. ইমন (২১)। তারা পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় থাকতেন।

আহত রবিন (২০) নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

আটক ট্রাকচালক আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।

ওসি শাহীনূর আলম বলেন, মোটরসাইকেলে করে তিন বন্ধু উপজেলার শিমরাইলের দিকে যাচ্ছিলেন। পথে একটি ব্যাটারিচালিত রিকশাকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে তারা সড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহত শুভ ও ইমন একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং এজেন্সিতে চাকরি করতেন। তারা দুজন ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানান নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ।

তিনি বলেন, “ইমন ও শুভ ছাত্রদলের কর্মী ছিলেন। তারা আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিত।”

ঘটনার পর পর ট্রাকসহ চালক আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শাহীনূর।