ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ‘পেট্রোল ঢেলে’ আগুন, পুড়ল ৩ মোটরসাইকেল
ভোরে কে বা কারা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ভবনের ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের।
ফেনীতে সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এতে ভবনের বারান্দায় থাকা আসবাবপত্রসহ তিন মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শর্শদি ইউনিয়নের বাজারে ব্যাংকটির শর্শদি বাজার শাখায় এ ঘটনা ঘটে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, কে বা কারা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।
নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ভবনের বারান্দায় থাকা তিনটি মোটরসাইকেল ও দুই বেঞ্চ পুড়ে গেছে। এ ছাড়া আগুনে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। আগুনের কারণ ও ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে।
পুলিশ পরিদর্শক সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করছে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
