মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
স্বপ্না সকাল ৮টার দিকে রান্নার জন্য জ্বালানি আনতে যান। তখন তাকে সাপে কামড় দেয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চারিকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে বলে বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী জানান।
নিহত স্বপ্না আক্তার (৩০) ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হেলাল মিয়ার ভাই লাল মিয়া সাংবাদিকদের বলেন, স্বপ্না সকাল ৮টার দিকে রান্নার জন্য জ্বালানি আনতে যান। তখন সাপ তাকে কামড় দেয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
ইউপি সদস্য রমজান আলী বলেন, এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। সবার সাবধান হওয়া উচিত।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন-উর- রশিদ বলেন, সাপে কাটা রোগীদের জন্য উপজেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনাম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীদের নিয়ে এলে চিকিৎসা দেওয়া যাবে। কথিত ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে হাসপাতালে আনতে হবে।
