গোপালপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ছড়িয়েছে ভিডিও
এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়।
দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ফটকের সামনে ১০-১৫ নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়।
পরে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং পরবর্তীতে স্থান ত্যাগ করেন।
সকাল ১০টার দিকে স্থানীয় কিছু ব্যক্তি ব্যানারটি খুলে ফেলেন।
৫ অগাস্ট গণঅভ্যুত্থানের সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল বলেন, “ফজরের নামাজের সময় চুপিসারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গোপালপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।”
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ভোররাতে কয়েকজন এসে পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
