মাদারীপুরে যুবকের ওপর হামলা: হারানো কব্জির খোঁজে ৩ দিন
মামলায় গ্রেপ্তার এক আসামিকে নিয়ে একটি পুকুরে অভিযানে নামে পুলিশ।
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় যুবকের বিচ্ছিন্ন কব্জি তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনার মামলায় গ্রেপ্তার একজনকে নিয়ে সোমবার বিকালে শহরের চর মুগুরিয়া এলাকায় অভিযান চালানো হলেও মেলেনি কব্জি।
পুলিশ জানায়, তুষার মাতুব্বর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে চর মুগুরিয়া ডিগ্রি কলেজের পাশে হাকিম মাস্টারের পুকুরে নামা হয় কব্জির খোঁজে। কিন্তু দুই ঘণ্টার চেষ্টাও কব্জিটি উদ্ধার করা যায়নি।
আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার চর খাগদী গ্রামের বিপ্লব মৃধার (৩৮) সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চর মুগুরিয়া ডিগ্রি কলেজের সামনে বিপ্লব মৃধাকে একা পেয়ে কুপিয়ে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে পুকুরে ফেলে দেয় আকাশের লোকজন।
পরে স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
হামলার ঘটনায় বিপ্লবের স্ত্রী বাদী হয়ে মাদারীপুর থানায় মামলার করেন।
ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, “এ ঘটনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে তুষার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে বিচ্ছিন্ন হওয়া কব্জিটি উদ্ধারের অভিযান চলছে।
সেইসঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।
