টুঙ্গিপাড়ায় ১৫০ টাকা লিটারে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে তেল বিক্রি না করার শর্তে ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাম্প থেকে ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকা দরে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলা কার্যালয়ে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এ জরিমানা করা হয় বলে জানান নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
তিনি বলেন, দুপুরে উপজেলার পাটগাতী বাজারের একটি পাম্প থেকে ২০০ লিটার তেল কিনে ভ্যানে করে কোটালীপাড়ায় যাচ্ছিলেন দুই যুবক। পথে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) লোকজন ভ্যান থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে বিক্রির কথা স্বীকার করেন।
আল-আমিন হালদার বলেন, “এনএসআই কর্মকর্তারা বিষয়টি জানালে তেলের ভ্যানসহ ব্যবসায়ী সোহাগ শেখকে উপজেলা কার্যালয়ে তলব করা হয়। সোহাগ পেট্রোল পাম্পের লাইনে বিভিন্ন লোক দাঁড় করিয়ে ২০০ লিটার ডিজেল সংগ্রহ করেন। পরে সেই তেল ১৫০ টাকা করে বিক্রি করেন।”
বেশি দামে তেল বিক্রি না করার শর্তে সোহাগ শেখকে ছয় হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার।
