২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে: খোকন

“তারা এখনও দিবা স্বপ্ন দেখছেন, আবার ক্ষমতায় আসবেন”, বলেন তিনি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 11:05 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে। ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হয় না, তা ইতিহাসই বলে। ছাত্র-জনতার আন্দোলন দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও, তার দোসররা এখনো পালায়নি। 

“তারা এখনও দিবা স্বপ্ন দেখছেন, আবার ক্ষমতায় আসবেন। সবাই সতর্ক থাকুন, যাতে আর কোনদিন ‘মাফিয়া’ সরকার ক্ষমতায় আসতে না পারে।”

১৬ বছর বিএনপির নেতাকর্মীদের ভয়-ভীতি দেখিয়ে শেখ হাসিনা কোণঠাসার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন খায়রুল কবির খোকন।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব।

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সদস্য এম এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস এবং রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মোহন উপস্থিত ছিলেন।