সারারাত লাইনে দাঁড়িয়ে সকালে শুনলেন তেল আসেনি, অবরোধ
মোশারফগঞ্জ এলাকায় চালকরা অবরোধ করেন বলে ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান।
জামালপুরের ইসলামপুর উপজেলায় সারারাত লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় চালকরা অবরোধ করেন বলে ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান।
অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পাম্প থেকে তেল দেওয়া হবে এমন খবরে রোববার মধ্যরাত থেকে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক ভিড় জমান। সকালে পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেল পাওয়া যায়নি। ফলে তারা তেল দিতে পারবেন না।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল না পেয়ে উত্তেজিত চালকরা পাম্পের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
মোটরসাইকেল চালক সামিউল ইসলাম বলেন, “রাত থেকে প্রায় ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকালে শুনি তেল আসেনি। পাম্প কর্তৃপক্ষ আগে থেকে জানালে এমন সমস্যা হত না।”
এ বিষয়ে জানতে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের মোবাইল নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী বলেন, পুলিশ গিয়ে বুঝিয়ে চালকদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।
