শেরপুরে হামের উপসর্গ নিয়ে এক সপ্তাহে ১০ রোগী হাসপাতালে
‘হাম যেহেতু ছোঁয়াচে রোগ তাই উপসর্গ দেখা মাত্র রোগীকে সুস্থ মানুষদের থেকে আলাদা করতে হবে।’
শেরপুরে হামের উপসর্গ নিয়ে এক দিনে চার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে; এ নিয়ে এক সপ্তাহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
রোববার শেরপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো হামের রোগী ভর্তি হয়নি। হামের রোগীর চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষ কর্নারের ব্যবস্থা আছে।
তিনি জনসমাগম এড়িয়ে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে হামের কোনো পজেটিভ রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক মো. সেলিম মিয়া বলেন, শিশু ও কিশোররা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। হাম যেহেতু ছোঁয়াচে রোগ তাই উপসর্গ দেখা মাত্র রোগীকে সুস্থ মানুষদের থেকে আলাদা করতে হবে। আক্রান্তদের প্রচুর তরল খাবার, ডাবের পানি এবং পুষ্টিকর খাদ্য দিতে হবে।
পৌরসভার নারায়ণপুর মহল্লার বাসিন্দা শিবলুর তিন বছরের শিশু জয় রিয়াকে শনিবার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিশুর অবস্থা একটু ভালো হলেও ২৪ ঘণ্টাই শরীরে জ্বর থাকছে। মুখে কিছু খেতে পারে না। স্যালাইনের উপর চলছে।
শিবলু বলেন, নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। সোমবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা।
পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা শাহজাদা তার ১০ মাসের শিশু সাবিবাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করান। তার শিশুর ঠাণ্ডা, জ্বর এবং হামের উপসর্গ রয়েছে।
পরীক্ষার জন্য দেওয়া নমুনার রিপোর্ট রোববার রাতে পাওয়ার কথা বলে জানান শাহজাদা।
সদর উপজেলার বাজিতখিলা গ্রামের বাসিন্দা নুরুন্নাহার বেগম আট মাস বয়সের নাতি নুর সাইদকে চার দিন আগে ভর্তি করেছিলেন। তিনি বলেন, “ডাক্তাররা চিকিৎসা শেষে নাতিকে ছুটি দিয়েছেন। এখন মোটামুটি সুস্থ। তাই বাড়ি চলে যাচ্ছি।”
