জামালপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
“সংযোগ ঠিক করতে গিয়ে তার হাত লাগলে বিদ্যুতায়িত হয় জাকির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ ঘটনা ঘটে ওই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী জানিয়েছেন।
নিহত ৩৭ বছর বয়সী জাকির হোসেন ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।
হযরত আলী বলেন, দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে সেচ দিতে যান। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর তাতে ত্রুটি দেখা দেয়।
“সংযোগ ঠিক করতে গিয়ে তার হাত লাগলে বিদ্যুতায়িত হয় জাকির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।”
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব আলী বলেন, “সেচ পাম্পে বিদ্যুতের সংযোগে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।”
