২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় অক্ষত গোপালগঞ্জের ডিসি

বাসের ধাক্কায় গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অক্ষতভাবে রক্ষা পেয়েছেন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 02:22 AM

Updated : 23 Jul 2022, 10:00 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অক্ষতভাবে রক্ষা পেয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনায় পড়ে বলে মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। এ সময় মাদারীপুর থেকে চন্দ্রা পরিবহনের একটি বাস তার গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এসআই বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে শাহিদা সুলতানার গাড়িটি একই লেনে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

“জেলা প্রশাসক ও তার দেহরক্ষী গাড়িতে ছিলেন। তবে তারা কেউ আহত হননি।”

ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এই দুর্ঘটনার কিছুক্ষণ পরই জেলা প্রশাসক ঢাকার উদ্দেশ্য রওনা হন বলে জানান জহিরুল।

এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় জেলা প্রশাসক মহোদয়ের কোনো ক্ষতি হয়নি। বাসটিকে পুলিশ আটক করেছে।

শাহিদা সুলতানা বলেন, “হালকা আঘাত লেগেছে, তবে কোথাও কাটেনি। এখনও কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। দুর্ঘটনার কিছু সময় পর আমি ঢাকা চলে আসি।”