২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তিনাশা নদীতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

নদীতে তীব্র স্রোত ও ডুবুরিদল না থাকায় অনুসন্ধান চালাতে পারছেন না বলে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান।

কীর্তিনাশা নদীতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

নিখোঁজ ছেলের জন্য বাবা-মা’র আর্তনাদ

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 06:50 PM

Updated : 02 Sep 2022, 06:50 PM

শরীয়তপুরের জাজিরায় কীর্তিনাশা নদীতে গোসলে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে জাজিরার শফিক কাজীর মোড় থেকে কাজীরহাটমুখী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে বলে নিখোঁজের সহপাঠী আফনান জানান।

নিখোঁজ মুরছালিন (১৩) মজিবুর রহমান ও হাফসা আক্তার নামে এক শিক্ষক দম্পতির একমাত্র ছেলে এবং জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আফনান জানান, তারা বাল্কহেড থেকে লাফিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় মুরছালিন তাদের সঙ্গে বাল্কহেড থেকে লাফ দিয়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে তারা বিষয়টি পরিবারকে জানান।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওই শিক্ষক দম্পতি উপজেলার জয়ননগর ইউপির খোরাতলার স্থায়ী বাসিন্দা হলেও জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সীকান্দীর শাহী মসজিদ এলাকায় গিয়াসউদ্দিন মাদবরের বাড়িতে ভাড়া থাকেন।

নিখোঁজ মাদ্রাসাছাত্রের বাবা মজিবুর রহমান আর্তনাদ করতে করতে বলছেন, “আমার ছেলে গোসল করার কথা বলে বাসা থেকে আসছিল। কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার ছেলেটা কোথায় চলে গেল আল্লাহই ভালো জানে।”

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন বলেন, “আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। তবে নদীতে তীব্র স্রোত এবং আমাদের ডুবুরিদল না থাকায় অনুসন্ধান চালাতে পারিনি। অভিজ্ঞ ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে, তারা এসে নদীতে অনুসন্ধান চালাবে।”