২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিএনপি নেতা নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা

বিএনপির অভিযোগ, শতাধিক মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে; হামলায় আহত হয়েছেন কয়েকশ নেতাকর্মী।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 10:15 PM

Updated : 05 Sep 2022, 05:32 PM

দলের কর্মসূচিতে যোগ দিতে বরগুনা আসার পথে সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা হয়েছে।

রোববার বিকালে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় এ হামলা হয় বলে দলের নেতাকর্মী ও পুলিশ জানিয়েছে।

তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বরগুনায় বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিএনপির অভিযোগ, গাড়িবহরের শতাধিক মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে; হামলায় আহত হয়েছেন কয়েকশ নেতাকর্মী।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ১০-১২ জন আহত এবং ৩০/৩৫টি মোটরসাইকেল ভাঙচুরের কথা তারা জানতে পেরেছেন।

স্থানীয়রা জানান, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আহুত বিক্ষোভ ও সমাবেশে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি বরগুনা আসছিলেন। ১৬ বছর পর নিজ এলাকায় আসছিলেন বরগুনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।

পাথরঘাটা উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাকেও তারা নির্মমভাবে পিটিয়েছে। শতাধিক মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। আহত হয়েছে কয়েক শত নেতাকর্মী।”

তারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের হামলার শঙ্কায় রয়েছন বলে ফারুক জানান।

তিনি বলেন, কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছিলেন তারা। ইতোমধ্যে পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছেন; পাবেন বলে আশা করছেন।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি, ইতোমধ্যে ১০-১২ জন আহত হয়েছে এবং ৩০/৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।”

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।