মৌলভীবাজারের সেন্ট মার্থাসে বিজ্ঞানমেলায় হাজারো দর্শণার্থী
বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় ৭৮টি প্রকল্প প্রদর্শিত হয় মেলায়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেন্ট মার্থাস বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট মার্থাস বিদ্যালয়ের আয়োজনে শনিবার সকালে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন খ্রিস্টান মিশনারিজের সিলেট ধর্ম প্রদেশের বিশপ সরৎ ফ্রান্সিস গোমেজ।
বিজ্ঞান মেলায় মডেল সিটি, যানজট নিরসনে হাইড্রোলিক ট্র্যাক, ওয়াটার ফিউরিফাইয়ার, মডার্ন ভিলেইজ, ওয়াটার সেইভ সেন্সরসহ বিভিন্ন বিষয়ে ৭৮টি প্রকল্প প্রদর্শিত হয়, যা দেখতে সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন হাজারো শিক্ষার্থী।
ওয়াটার ফিউরিফাই প্রকল্পের দলনেতা বিদ্যালয়ের শিক্ষার্থী সজীব দাশের ভাষ্য, “সেই বিশ্ব খুব কাছেই, যে বিশ্বে পরিশোধিত পানির জন্য যুদ্ধ শুরু হবে। সেজন্য ময়লা পানি থেকে পরিষ্কার এবং পানযোগ্য পানি বের করে আনার একটি প্রকল্প এখানে উপস্থাপন করা হয়েছে।”
এমনিভাবে বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় সব প্রকল্প মেলায় উপস্থাপন করা হয়।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গোমেজ, সহকারী প্রধান শিক্ষক সংগীতা গোমেজ, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি হুমায়ুন কবির রিপন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা মেলায় উপস্থিত ছিলেন।
