মাগুরায় বাস চাপায় জুয়েলারি ব্যবসায়ী নিহত
রাতে মোটরসাইকেলে করে অভি যশোর থেকে মাগুরা ফিরছিলেন।
মাগুরার শালিখা উপজেলার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
উপজেলার মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ব্র্যাক অফিসের সামনে শুক্রবার রাত ৯টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহত রিফাতুল হক অভি (৩৬) মাগুরা শহরের কেশব মোড়ের মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি শহরের সৈয়দ আতর আলী সড়কে বকসি মার্কেটের হক জুয়েলারির মালিক।
নিহতের ছোট ভাই আদনান তৌকির জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে তার ভাই অভি যশোর থেকে মাগুরা ফিরছিলেন। পথে আড়পাড়া ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীতমুখি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষে এখনো কোনো আভিযোগ করা হয়নি।
