ঝিনাইদহে ক্ষ্যাপা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৫
পৌর মেয়র জানান, ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া কুকুরটিকে মারার চেষ্টা চলছে।
ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষ্যাপা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রায়গ্রাম, হেলা, বলিদাপাড়া ও পৌরসভার নতুন বাজার এলাকায় কুকুরটি এ কাণ্ড ঘটায় বলে কালীগঞ্জ পৌর মেয়র মো. আশরাফুল আলম জানান।
তিনি বলেন, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি ক্ষ্যাপা কুকুর একের পর এক পথচারী, দোকানি, স্কুলশিক্ষার্থী, নারী ও শিশুদের কামড়াতে শুরু করে। স্থানীয়রা ধাওয়া দিলে সেখান থেকে দৌড়ে পৌরসভার হেলা, বলিদাপাড়া ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে কামড়ে আহত করে কুকুরটি। একপর্যায়ে প্রাণীটি মানুষের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
মেয়র আরও জানান, কুকুরটি মারার চেষ্টা চলছে।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের জখম গুরুতর হওয়া উন্নত চিকিৎসার জন্য তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলার সিভিল সার্জন শুভ্রা রাণী দেবনাথ বলেন, দুপুর পর্যন্ত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো ১৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
