নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
অস্ত্রগুলোর প্রকৃত মালিক ও ব্যবহারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের লেমুছড়ি কুরক্ষ্যং এলাকার একটি পাহাড়ের ঢালুতে এসব অস্ত্র পাওয়া যায় বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জিনিয়া চাকমা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদা প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি গাদা বন্দুক উদ্ধার করে। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।
উদ্ধার করা অস্ত্রগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং বিধি মোতাবেক সেগুলো আদালতে পাঠানো হবে। অস্ত্রগুলোর প্রকৃত মালিক ও ব্যবহারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে এমন অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
