২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় ৩ ছাত্র হত্যা: শেরপুরের সেই চালক ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় তাদের বিরুদ্ধে আলাদা তিনটি হত্যা মামলা রয়েছে।

গাড়িচাপায় ৩ ছাত্র হত্যা: শেরপুরের সেই চালক ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাড়িচালক হারুনুর রশিদ ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ও গাড়িচাপায় তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় করা আলাদা তিনটি হত্যা মামলার আসামি সেই গাড়িচালক ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে দুই আসামির রিমান্ড চাওয়া হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলমগীর মাহমুদ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান।

কারাগারে যাওয়ারা হলেন- শেরপুর ডিসি অফিসের নির্বাহী হাকিমকে বহনকারী সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে হারুনুর রশিদ (৫১) এবং শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে আশিকুর রহমান আশিক (২৭)।

জিয়াউর রহমান বলেন, “গ্রেপ্তারদের মামলার নথিগুলো দায়রা আদালতে থাকায় সেগুলো পাওয়া সাপেক্ষে রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হবে।”

গত বছরের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভ নিহত হন। এ ঘটনায় আলাদা তিনটি হত্যা মামলায় গাড়িচালক হারুনুর রশিদ ও ছাত্রলীগ নেতা আশিককে আসামি করা হয়।

সোমবার শেরপুর সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস থেকে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে। ঘটনার পর বদলি হয়ে হারুন ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন।

একই দিন রাতে সদর থানার এসআই মানিক চন্দ্র দের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ছাত্র হত্যাসহ ছয় মামলার আসামি আশিককে গ্রেপ্তার করে। 

উভয়কে এসব মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান।