বোতলে তেল না দেওয়ায় নাটোরে পাম্প কর্মচারীর উপর হামলা
পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম।
বোতলে তেল না দেওয়ায় নাটোর সদর উপজেলায় ফিলিং স্টেশনের কর্মচারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার হাফরাস্তা এলাকায় নাটোর পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম।
আহত কর্মচারী শানু রায়কে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শহরের উত্তর চৌকিড়পাড় এলাকার পার্থ রায়ের ছেলে।
পেট্রোল পাম্পের মালিক মীর হাবিবুল ইসলাম বখতিয়ার বলেন, বিকালে এক যুবক প্লাস্টিকের বোতলে পাম্পে তেল নিতে আসেন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেয় পাম্পের কর্মচারীরা। এরপর রাতে ওই যুবক এসে কাঠের বাটাম দিয়ে শানুর উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ভিডিও দেখে হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
