বিএনপির দুই গ্রুপে সহিংসতা: মোল্লাকান্দিতে গুলিতে যুবক নিহত
এ হত্যাকাণ্ডের পর একপক্ষ এলাকায় বিক্ষোভ করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘাতের সময় গুলিতে এক তরুণ নিহত হয়েছে।
রোববার রাতে মুন্সিকান্দিতে নিহত তরুণ তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। তিনি দক্ষিণ বেহেরকান্দি গ্রামের সেলিম দেওয়ানের পুত্র।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, পূর্ব বিরোধ নিয়ে মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, সংঘর্ষে নিহতের পর ওই গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের স্বজনদের দাবি, প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারীর নেতৃত্বে তুহিনকে লক্ষ্য করে হাত বোমা ছোঁড়ে ও গুলি করা হয়। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, রাজনৈতিক আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এ হত্যাকাণ্ডের পর ওয়াহিদ মোল্লা ও আতিক মল্লিকের অনুসারীরা এলাকায় বিক্ষোভ করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সর্দার জানান, নিহতের পিঠে ও ঘাড়ে একাধিক গুলি করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
