ঈদযাত্রা: বাড়ি যেতে-আসতে লাগে ‘ছয় দিনের মজুরি’, তবু আনন্দ
আহসান পরিবহনের যাত্রী মেরাজ হুসাইন জানালেন, কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকা যেতে-আসতে সব মিলিয়ে তার খরচ হবে ৩৬০০ টাকা।
নীলফামারীর জলঢাকা উপজেলার একটি গ্রামের বাসিন্দা মেরাজ হুসাইন। কুমিল্লা নগরীর একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। ঈদের ছুটি পেয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বাসস্ট্যান্ডে।
আহসান পরিবহনের যাত্রী মেরাজ হুসাইন জানালেন, কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকা যেতে-আসতে সব মিলিয়ে খরচ হবে ৩৬০০ টাকা। তার মধ্যে ১৫০০ টাকা করে যাওয়া-আসার ভাড়া তিন হাজার টাকা। অন্যান্য আরো আনুষাঙ্গিক খরচ ৫০০ থেকে ৬০০ টাকা।
মেরাজের দৈনিক মজুরি ৬০০ টাকা করে। সেই হিসাবে তার ঈদে বাড়িতে যাওয়া-আসার খরচ বাবদ ছয় দিনের মজুরি খরচ হবে।
মেরাজ বলেন, “তাও বাড়ি যাওয়ার আনন্দ অন্যরকম। টাকার কথা চিন্তা করলে বাড়ি গিয়ে ঈদ করা হবে না। মা-বাবা, ভাই-বোনের সঙ্গে ঈদ করার আনন্দ টাকায় কেনা যাবে না।”
তবে ঈদের সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে। সাধারণ সময়ে রংপুর-নীলফামারী যেতে যেখানে ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হয়, ঈদের বাজারে তা হয়ে যায় দ্বিগুণ।
জলঢাকার আরেক নির্মাণ শ্রমিক সুমন বলেন, “এটা প্রতি ঈদেই হয়। ভাড়া বেশি থাকে বিধায় অনেকেই ট্রাক, কাভার্ডভ্যান বা পিকআপ ভাড়া করে যায়। আর ট্রাক, পিকআপে না যেতে পারলে বেশি ভাড়া দিয়ে বাধ্য হয়ে যেতে হয়।”
রংপুরগামী বিদ্যুৎ শ্রমিক মারুফুল ইসলাম বলেন, “আমরা আগে থেকেই প্রস্তুত থাকি দ্বিগুণ ভাড়া দিতে হবে। আমি ১৭ দিন আগে কুমিল্লায় কাজ করতে এসেছিলাম। লম্বা ছুটি তাই আবার বাড়ি ফিরে যাচ্ছি। আমাকেও আমার চার দিনের মজুরি খরচ করেই বাড়ি যেতে হবে।”
কুমিল্লার পদুয়ার বাজার থেকে উত্তরবঙ্গগামী আহসান পরিবহন, ঝুমুর পরিবহন, রোমার পরিবহন, জলঢাকা ট্রাভেলস্, পরান পরিবহন, সোহাগ পরিবহন, জহিরুল পরিবহন, আয়ান পরিবহনের বাস চলাচল করে।
তবে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে এসব পরিবহনের সংশ্লিষ্টদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা।
আহসান পরিবহনের বাস চালক আমিনুল ইসলাম বলেন, “সাধারণ সময়ে আমাদের ভাড়া ১২০০ থেকে ১৩০০ টাকা হলেও আমরা ৭০০ থেকে ৮০০ টাকার উপরে নিতে পারি না। কারণ আমাদের বাসগুলোতে উত্তরবঙ্গে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ চলাচল করে।
“এ ছাড়া ঈদের সময় ঢাকা থেকে বাসের চাহিদা বেশি থাকে বিধায় অনেক পরিবহন কুমিল্লা পর্যন্ত আসে না। তারা ঢাকা থেকেই ফিরে যায়। তাই যাত্রীদের চাহিদা পূরণ করতে অন্য কোনো ট্রান্সপোর্ট থেকে বাস ভাড়া করে এনে চালাতে হয়। দিতে হয় বেশি খরচও। তাই যাত্রীদের কাছ থেকেও ভাড়া নেওয়া হয় বেশি।”
আহসান পরিবহনের ব্যবস্থাপক দুলাল আহমেদ বলেন, “ঢাকা থেকে বাস গেলে খরচ কম। কিন্তু ভাড়া পাওয়া যায় বেশি। তাই অনেক বাস কুমিল্লা আসতে চায় না। আমাদেরকে অন্য জায়গা থেকে বেশি খরচে বাস এনে চালাতে হয়।”
দুপুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ বেড়েছে
এদিকে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। ঈদে ঘরমুখো মানুষদের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
বিশেষ করে, মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরগামী যাত্রীদের ভিড় বাড়ছে উল্লেখযোগ্য হারে।
বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় দুপুরের পর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
যদিও যাত্রীরা বলছেন, মহাসড়কে কোথাও কোনো যানজটের মুখোমুখি হতে হয়নি তাদের। কিন্তু বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের সংকট রয়েছে বলে জানান তারা।
এদিকে মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। মহাসড়কে অবৈধ যানবাহন প্রতিরোধ এবং বিশৃঙ্খলভাবে যাত্রী উঠানামায় যানজট ঠেকাতে যৌথ বাহিনী কাজ করবে ঈদের পর পর্যন্ত।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
এ ছাড়া যানজট এড়াতে সড়কের ১২টি স্থানে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সড়কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে দুপুরে দাউদকান্দিতে উপস্থিত হন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঈদের আগে, ঈদের দিন এবং তারপরের দিনগুলোতে আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমাদের সাধারণ টহল কার্যক্রমের পাশাপাশি, গোয়েন্দা নজরদারিও রয়েছে মহাসড়কে। কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কিংবা যাত্রীবাহী যানবাহনে ছিনতাই ও ডাকাতি রোদে মহাসড়কের র্যাব সদস্য সচেষ্ট থাকবে।”
