সিরাজগঞ্জে নিজ ঘরে শিশুর মরদেহ, হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করা হয়েছে, বলছে পুলিশ।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে; যাকে তার সৎ মা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার কুটিরচর এলাকা থেকে রোববার রাতে শিশুটির মরদেহ উদ্ধারের খবর জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম।
মৃত হাজেরা খাতুন (৭) ওই এলাকার হারুন আর রশিদের মেয়ে এবং কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
শিশুটির দাদি মনোয়ার খাতুন বলেন, প্রায় সাত বছর আগে হাজেরার নিজের মা অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায়। পরে ছেলে হারুন মুগবেলাই গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুবি খাতুনকে বিয়ে করে। এরপর পর থেকে ছেলের প্রথম ঘরের সন্তান হাজেরা, রুবি এবং ছেলের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি। রুবির ঘরে দুটি জমজ ছেলে সন্তান রয়েছে।
তিনি বলেন, “রোববার দুপুরে হাজেরা স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে রুবি ওষুধ আনতে যাওয়ার কথা বলে তার নিজের দুই সন্তান রেখে বাড়ির বাইরে চলে যায়। এরপর আর ফেরেনি।
“তার জমজ শিশু দুটি নিজেদের ঘরে যেতে ভয় পাচ্ছিল। এতে সন্দেহ হলে ঘরের মধ্যে খোঁজাখুজি শুরু করে খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে হাজেরার মরদেহ পাওয়া যায়।”
এএসপি রবিউল বলেন, পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আপাতত ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করা হয়েছে। ময়নাতদেন্তর প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর থেকে শিশুটির সৎ মা পলাতক রয়েছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
