Published : 24 Jun 2026, 05:19 PM
চাঁপাইনবাবগঞ্জ সদরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
বুধবার দুপুর ১টার দিকে শহরের হাসপাতাল সড়কে সদরঘাট আমবাজারে এ ঘটনা ঘটে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
নিহত মো. রজব (২৪) নামে সদরঘাটের পাশে মসজিদ পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ বলেন, রজব এবং একই মহল্লার মো. মেহেদি (২৪) ও মো. জিসান পরস্পরের বন্ধু। পূর্ব বিরোধের জেরে দুপুরে রজবের বুকের ডানদিকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা রজবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
“মেহেদী ঘটনার সময় রজবের শার্টের কলার ধরে ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাদের মধ্যে বিরোধের কারণ জানা যায়নি”, বলেন ফিরোজ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া রজবের দুই বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।