২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘বিভেদ’ কাটানোর চেষ্টায় বিএনপি, মরিয়া জামায়াত

স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করেছে, সেই দলই সরকার গঠন করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 01:35 AM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলার ছয়টি আসনে কোথাও কোথাও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ‘বিভেদ’ দেখা যাচ্ছে; সেই ‘বিভেদের’ সুযোগ কাজে লাগাতে মরিয়া প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী।

বিএনপি, জামায়াতে ইসলামীর প্রার্থীদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন।

এনসিপি ও জাতীয় পার্টি ছয়টি আসনের মধ্যে তিনটিতে নিজেদের দলের প্রার্থী ঘোষণা করেছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আওয়ামী লীগহীন ভোটে এবারের নির্বাচনে সিলেটে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। 

যদিও এখনো বিএনপির মনোনয়ন না পাওয়া নেতার কর্মী-সমর্থকদের দলীয় প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে যুক্ত হতে দেখা যাচ্ছে না। সেই জায়গায় জামায়াতের প্রার্থীরা তুলনামূলক ‘ফুরফুরে মেজাজে’ গণসংযোগ অব্যাহত রেখেছেন।

সিলেট-১: ‘মিথের’ কাছাকাছি মুক্তাদির

মহানগর-সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনকে ‘মর্যাদার’ আসন মনে করা হয়। কারণ স্বাধীনতার পর থেকে ‘মিথ’ প্রচলিত আছে যে, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করেন, সেই দলই সরকার গঠন করে। 

এবার সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এই আসনে মনোনয়ন পেতে সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জোর প্রচেষ্টা চালিয়েছিলেন। পরে আরিফুল হককে সিলেট-৪ আসনের প্রার্থী মনোনীত করে বিএনপি। 

খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়লাভ করেন। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। এবার তিনি অনেকটা ‘ভারমুক্ত’। অনেকদিন ধরে মাঠে ব্যাপক প্রচার ও সভা-সমাবেশও চালিয়ে আসছেন তিনি।   

এই আসনে বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি মাঠ চষে বেড়াচ্ছেন; ঘরে ঘরে প্রচারপত্র বিলি করছেন। তাকে নিয়ে দলে কোনো ‘অসন্তোষ নেই’।  

হাবিবুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু ইসলামী ছাত্রশিবির দিয়ে। ১৯৮২ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরে সিলেট জেলার আমির থেকে শুরু করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে হাবিবুর রহমান সিলেট-৬ আসন থেকে নির্বাচন করেছিলেন। 

সিলেট-১ আসনে প্রথমবারের মত প্রার্থী হয়ে তিনি নির্বাচনি মাঠ জমাতে নিরলসভাবে কাজ করছেন। 

এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মকসুদ ইবনে আজিজ লামা। তিনি সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য। 

এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আবদুল মালেক চৌধুরী, খেলাফত মজলিশের তাজুল ইসলাম ইসলাম হাসান, ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক জালালাবাদী। 

এ ছাড়া বাসদ সিলেটের সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রার্থী হয়েছেন সিলেট-১ আসনে।  

বিএনপির মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের উন্নয়নে কী কী করবে আমি এই বিষয়গুলো ভোটারদের কাছে তুলে ধরছি। একই সঙ্গে সিলেটের উন্নয়নে নানা পরিকল্পানাও তুলে ধরছি। ধানের শীষ প্রতীকে ভোটারদের যে আগ্রহ দেখছি; ভোটের দিন সেটার প্রতিফলন ঘটবে।” 

বক্তব্য জানতে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। 

(সিলেট-১) বাঁ থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, হাবিবুর রহমান, এহতেশাম হক

(সিলেট-১) বাঁ থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, হাবিবুর রহমান, এহতেশাম হক

সিলেট-২: ‘নিখোঁজ’ ইলিয়াসের আবেগ

বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে বিএনপির টিকেট পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। 

দীর্ঘদিন ধরে নির্বাচনের মাঠে থাকা লুনার ব্যাপক ‘জনপ্রিয়তা’ রয়েছে। বিএনপি নেতাকর্মীরাও তার জন্য দিনরাত পরিশ্রম করছেন। 

সাবেক এমপি বিএনপি নেতা এম ইলিয়াস আলীর অন্তর্ধান প্রসঙ্গ ভোটারদের সামনে তুলে ধরে তাদের মন জয়ের চেষ্টা করছেন তারা। এ ছাড়া বিগত সময়ে ইলিয়াস আলীর উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হচ্ছে। 

এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও শুরু থেকেই মাঠে নামেন। এ নিয়ে দুই নেতার কর্মীদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব (পররাষ্ট্র) করে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন অধ্যক্ষ আবদুল হান্নান। তিনি এলাকায় ‘জনসেবক ও শিক্ষিত মার্জিত রুচিশীল মানুষ’ হিসেবে পরিচিতি তৈরি করেছেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। 

(সিলেট-২) বাঁ থেকে তাহসিনা রুশদীর লুনা ও অধ্যক্ষ আবদুল হান্নান।

(সিলেট-২) বাঁ থেকে তাহসিনা রুশদীর লুনা ও অধ্যক্ষ আবদুল হান্নান।

আসনটিতে অন্য দলের প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের লুতফুর রহমান মাঠে রয়েছেন। 

এই আসনে জাতীয় পার্টি ও এনসিপি কাউকে মনোনয়ন দেয়নি। 

বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, “আমার আসনের ভোটারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা আমাকে বলছে ধানের শীষে ভোট দেবে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে নির্বাচনি মাঠে।”  

জামায়াতে ইসলামীর অধ্যক্ষ আবদুল হান্নান বলেন, “নির্বাচনি মাঠের অবস্থা খুব ভালো। আমি এই এলাকায় দীর্ঘদিন শিক্ষকতা করেছি। সিলেটে বিভিন্ন ব্যবসার সঙ্গেও আমি জড়িত। এই আসনের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা আমার ছাত্র। মানুষজন বলতেছে, আমার জন্য অপেক্ষায় আছে ভোট দেবে বলে।”   

সিলেট-৩: বিএনপির দ্বন্দ্বে জামায়াতের সুবিধা

এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক। ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে গঠিত এ আসনে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন তিনি। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামও এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দুজনই বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাদের নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে। 

(সিলেট-৩) বাঁ থেকে এমএ মালিক ও লোকমান আহমেদ।  

(সিলেট-৩) বাঁ থেকে এমএ মালিক ও লোকমান আহমেদ।

অভ্যন্তরীণ বিরোধ তীব্র হলে বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত এ আসনে ধানের শীষের জয় পাওয়া কঠিন হবে। কারণ এখন পর্যন্ত দল মনোনীত প্রার্থী এম এ মালিকের নির্বাচনি প্রচারে ওই দুই নেতাকে দেখা যায়নি।   

বিএনপি প্রার্থীর বিপক্ষে এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ। সিলেটের যেসব আসনে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। লোকমান দীর্ঘদিন ধরে সিলেট-৩ আসনে কাজ করছেন।  

এই আসনের অপর প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, এনসিপির যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিসের দেলওয়ার হোসেন।

বিএনপি প্রার্থী এম এ মালিক বলেন, “আমি তিন উপজেলার প্রত্যেকটা গ্রামে-গ্রামে যাচ্ছি। আমার টিমও যাচ্ছে। আমার পরিবারের সবাই নির্বাচনি প্রচারে রয়েছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম সাহেব ২৬ তারিখ থেকে পুরোদমে মাঠে থাকবেন বলে জানিয়েছেন। 

“ব্যারিস্টার সালাম সাহেব আমাকে কথা দিয়েছেন মাঠে নামবেন। একটি দল আছে ইসলাম নিয়ে অপপ্রচার করছে। আমি এগুলো দেখে কষ্ট পাই। তবে বিএনপি জনগণনের ভোটে সরকার গঠন করবে। আমি সবার সহযোগিতা চাই।” 

জামায়াতে ইসলামীর প্রার্থী লোকমান আহমদ বলেন, “সাধারণ ভোটার সবাই সুন্দরভাবে গ্রহণ করছেন। যেখানে যাচ্ছি সাড়া পাচ্ছি। আমি আশাবাদী আল্লাহর উপর।” 

এনসিপির প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন, “আমি বর্তমানে সিলেট-৩ আসনের ৭০ ভাগ এলাকা ঘুরে নিয়েছি। আমার এই আসনে আমি ভোটারদের খুব ভালো সাড়া পাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।”  

সিলেট-৪: বিভেদ কেটেছে?

কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি। 

তবে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক নেতা আব্দুল হাকিম চৌধুরীও এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে কারণে ‘বহিরাগত’ ও ‘স্থানীয়’ প্রার্থী নিয়ে টানাপড়েন ও উত্তেজনা চলছিল বিএনপির নেতাকর্মীদের মধ্যে। হাকিম চৌধুরীর পক্ষে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছিল। 

বিভেদ মেটাতে সম্প্রতি আরিফুল হক ও হাকিম চৌধুরীর মধ্যে একাধিক বৈঠক হয়। পরে তারা একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান। 

তাতে আরিফুল হকের অবস্থান অনেকটাই মজবুত হয়। হাকিম চৌধুরীর বিপুল সংখ্যক নেতাকর্মীকে তিনি এখন সঙ্গে পাবেন।  

(সিলেট -৪) বাঁ থেকে মেয়র আরিফুল হক চৌধুরী ও জয়নাল আবেদীন  

(সিলেট -৪) বাঁ থেকে মেয়র আরিফুল হক চৌধুরী ও জয়নাল আবেদীন

তবে এ আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিমও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তাদের নেতাকর্মীদের সঙ্গে আরিফুল হক চৌধুরীর দূরত্ব না মেটানো গেলে বিএনপির জন্য আসনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে অনেকে মনে করছেন।

এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন দলটির জেলা কমিটির সেক্রেটারি জয়নাল আবেদীন। জৈন্তাপুর উপজেলার দুই বারের সাবেক চেয়ারম্যান জয়নাল প্রার্থী হিসেবেও শক্তিশালী। তিনি জাফলংয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত; শ্রমিকদের মধ্যে তিনি জনপ্রিয়।  

এ ছাড়া ইসলামী আন্দোলনের মুফতি সাঈদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবুল হাসনাত জালালী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক আলী হাসান উসামা ও ইসলামী ঐক্যজোটের মাওলানা নাজিম উদ্দীন কামরান প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। 

সিলেট-৪ আসনে ছাত্রসমাজের সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় পার্টি। আর এনসিপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম।  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “নির্বাচনে ভোটারদের খুব ভালো সাড়া পাচ্ছি। এই আসনের মানুষজন ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন।”  

বক্তব্য জানতে জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি জয়নাল আবেদীনের মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি। 

সিলেট-৫: জোটের প্রার্থীতে ‘বিদ্রোহ’

কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি আসনটিতে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। 

এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপি জোট থেকে প্রার্থী হয়েছিলেন। তবে এখানে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ওরফে ‘চাকসু মামুন’ দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন থেকে এলাকাবাসীর সঙ্গে কাজ করে আসছিলেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসাইন, যুক্তরাজ্যপ্রবাসী ফাহিম আলম ইসহাক চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি শরীফ আহমদ লস্করও। 

আর এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আছেন সিলেট জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান। 

এ ছাড়া ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা রেজাউল করিম জালালী, খেলাফত মজলিসের সিলেট জেলার উপদেষ্টা আবুল হাসান ও ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়জুল হক জালালাবাদী আলোচনায় আছেন। 

‘ফুলতলী হুজুরের’ ছেলে মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হতে পারেন এ আসনে। 

তবে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি জোট এক হয়ে কাজ করলে এখানে ভোটের চিত্র পালটে যাবে বলে মনে করেন এলাকাবাসী।

জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “সাধারণ ভোটারসহ বিএনপির নেতাকর্মীদের খুব ভালো সাড়া পাচ্ছি। আমি আশা করছি, স্বতন্ত্র প্রার্থী ‘চাকসু মামুন’ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। কারণ বিএনপি থেকে উনাকে বলা হবে।

এদিকে মঙ্গলবার বিকালে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন বলেন, “আমি নির্বাচন করব, নির্বাচন থেকে সরার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার মনোনয়ন ফরম কিনেছি, জমাও দেব। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।”

সিলেট-৬: ঐক্যের তাগিদ     

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এই আসনে দিনরাত ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। 

২০১৮ সালে দলীয় মনোনয়ন পাওয়া ফয়সল আহমদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরীও এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

(সিলেট-৬) হাতের বাঁ দিক ওথকে এমরান আহমদ চৌধুরী ও সেলিম উদ্দিন 

(সিলেট-৬) হাতের বাঁ দিক ওথকে এমরান আহমদ চৌধুরী ও সেলিম উদ্দিন

এই আসনে জয় পেতে হলে বিএনপির সব বলয়কে এক হয়ে কাজ করতে হবে বলে মনে করেন নেতাকর্মীরা। 

এখানে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অনেক দিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। সেলিম উদ্দিনের জনপ্রিয়তা রয়েছে। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে জয়ী করতে ব্যাপক প্রচার চালাচ্ছেন। এলাকায় ‘বৈপ্লবিক পরিবর্তন’ ঘটাতে তিনি একটিবার সুযোগ চান। 

ইসলামী আন্দোলনের আজমল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল আজিজ, খেলাফত মজলিসের যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি সাদিকুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মাওলানা রফিকুল ইসলামও প্রার্থী হিসেবে মাঠে আছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “নির্বাচনি মাঠের অবস্থা ভাল। আমি মাঠে খুব ভালো সাড়া পাচ্ছি। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এই আসনের লোকজন মুখিয়ে আছেন। আমরা যারা প্রার্থী হয়েছি, সবাই যেন নির্বাচনি আইন মেনে চলি।”     

বক্তব্য জানতে জামায়াতের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি।